হত্যা মামলায় কুমিল্লায় বিএনপির নেতা গ্রেপ্তার
একটি হত্যা মামলায় কুমিল্লার জেলা বিএনপির নেতা খোরশেদ আলমকে গত শনিবার রাতে চান্দিনা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেলে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে মামলাটি তোলা হলে আদালতের বিচারক সাইদুর রহমান গাজী তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।খোরশেদ আলম কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা ও বরুড়া উপজেলার একাংশ) আসনে বিএনপির মনোনীত চারদলীয় জোটের প্রার্থী ছিলেন।থানা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুরাদনগর উপজেলার আলোরচর গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে খোরশেদ আলমসহ আরও পাঁচজন বেধড়ক পিটিয়ে হত্যা করেন। ওই সময় খোরশেদ চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি থাকায় তাঁর বিরুদ্ধে মামলা করা যায়নি বলে বাদী এজাহারে উল্লেখ করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচারের আশায় গত ৩০ জানুয়ারি চান্দিনা থানায় বিল্লালের বোন সেলিনা আক্তার বাদী হয়ে ওই মামলা করেন। পরে ওই দিন রাতেই তাঁকে উপজেলা সদরের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন, খোরশেদ আলমের দুই ভাই মোসলেম উদ্দিন ও আবুল কালাম আজাদ, আবুল কাশেম এবং দুলাল চন্দ্র দাস। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার সাংবাদিকদের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি এ বি এম সিরাজ উদ্দিনের ভাষ্যমতে, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।’