হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানোয় শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোয় মামলার তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার শিকার সাতজনের অন্যতম আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পাঁচ দিনের রিমান্ড শেষে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে আদালতে হাজির করার দিন তদন্তকারী কর্মকর্তাকে লিখিতভাবে এর জবাব দিতে হবে।
এদিকে গত শনিবার গভীর রাতে আটক করা র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা ও অবসরে পাঠানো লে. কমান্ডার এম এম রানার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে গ্রেপ্তার করা র৵াব-১১-এর সাবেক অধিনায়ক অবসরে পাঠানো লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনের পাঁচ দিনের রিমান্ডের প্রথম দিন কেটেছে গতকাল৷ প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তাঁরা তেমন কোনো তথ্য দেননি বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়৷
র৵াবের সাবেক দুই কর্মকর্তা তারেক ও আরিফকে হত্যা মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল। চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত আদেশে বলেন, এ মামলায় যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, এতে আসামিদের সংশ্লিষ্টতা আছে বলে প্রতীয়মান হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তাতেও আসামিদের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ রয়েছে। সুতরাং কেন তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো না, তা আদালতকে জানাতে হবে।
এদিকে নৌবাহিনী থেকে অবসরে পাঠানো র৵াব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক অধিনায়ক লে. কমান্ডার এম এম রানা আদালতে নিজেকে নিদোর্ষ দাবি করেন। তিনি বলেন, যে এলাকা থেকে সাতজন অপহৃত হয়েছেন, সেটা তাঁর আওতাধীন ছিল না। তাই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারেক সাঈদ ও আরিফ হোসেনের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। বলেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের বা র‌্যাবের কোনো সম্পৃক্ততা নেই৷
পুলিশ জানায়, তাঁদের তিনজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। তারেক সাঈদ ও আরিফ হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়েছে৷ সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলেছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদে সেভাবে অংশ নেননি। দুই কর্মকর্তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য সেখানে চিকিত্সক রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, পুলিশ পেশাদারিত্ব ও আন্তরিকতা দিয়ে সংবেদনশীল এ মামলা তদন্ত করছে। তদন্তের স্বার্থে যাকে যাকে প্রয়োজন মনে হবে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হবে।
আদালতে রানা, জুতা নিক্ষেপ: শনিবার গভীর রাতে ঢাকা সেনানিবাস থেকে এম এম রানাকে গ্রেপ্তারের পর গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়৷ কঠোর নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিক্ষুব্ধ লোকজন তাঁর ফাঁসি দাবি করে বিক্ষোভ করে এবং তাঁকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে। কেউ কেউ আঘাত করার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।
কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস আটক ও পরে মুক্ত: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে বিকেলে আদালতপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি জেলা সার্কিট হাউসে গণশুনানিতে সাক্ষ্য দিয়ে বের হওয়ার পর পুলিশ তাঁকে আটক করে। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ তিনি সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠজন বলে পরিচিত।
এদিকে নূর হোসেনের গাড়িচালক মহিবুল্লাহকে গতকাল দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।