হত্যা মামলায় চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন
নরসিংদীর মনোহরদীর দোকানি মো. মোস্তফা হত্যা মামলায় চার আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) খারিজ ও জেল আপিল নিষ্পত্তি করে আসামিদের সাজা কমিয়ে আজ বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও মন্টু ঘোষ এবং রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৭ মে নরসিংদীর মনোহরদী উপজেলার স্টুডিও দোকানি মোস্তফাকে কয়েকজন ব্যক্তি নারান্দি গ্রামে নিয়ে যায়। পরে ওই গ্রামের বিল থেকে মোস্তফার মরদেহ পাওয়া যায়। ওই দিন মোস্তফার মামা আবু সাঈদ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
পরে ওই বছরের ১৮ জুন আলী হোসেন, জহিরুল ইসলাম ও রুবেল নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুসারে ২১ জুন শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ৩০ জুলাই ওই চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১০ সালের ৪ নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা জজ আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
মনিরুজ্জামান কবীর সাংবাদিকদের বলেন, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয়। পাঁচ কার্যদিবস শুনানি শেষে আজ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট।