হত্যা মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন
সুনামগঞ্জে একটি হত্যা মামলায় চার ভাইসহ পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান আজ মঙ্গলবার এ আদেশ দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লুলুয়ারচর গ্রামের আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানী মিয়া, আলী আহমদ, আলী আমজদ ও একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন। এঁদের মধ্যে দণ্ডাদেশ পাওয়া জিলানী পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর রাতে লুলুয়ারচর গ্রামের পার্শ্ববর্তী হাওরে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পরদিন নিহত ব্যক্তির চাচা আরজান খান ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে পাঁচজনকে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অন্যদের খালাস দিয়েছেন আদালত।