হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রামানন্দ দাস হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অপর ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও আনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা রায় গত সোমবার এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন: শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের আবদুল ওরফে আবিদুর (৪২), বৃ-কুষ্টিয়া গ্রামের দুই ভাই মোহাম্মদ মাজেদ (৩৬) ও আবদুল মতিন ওরফে মতি (২৮) এবং একই গ্রামের আনোয়ার হোসেন (৩৬)। তাঁদের মধ্যে মতি ও আনোয়ার পলাতক। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন: ডেমাজানি গ্রামের রিপন সাহা (২৬), মজনু মিয়া (২৪), বৃ-কুষ্টিয়া গ্রামের শফিকুল ইসলাম (৩৪), জুয়েল (২৯), বকুল (২৯) ও আড়িয়া উত্তরপাড়া গ্রামের রঞ্জু মিয়া ওরফে খালেক (৩২)। এই ছয়জনের প্রথম তিনজন পলাতক।