হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল সোহেল হত্যা মামলার এক আসামি গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুর রহমান রাজশাহী জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. আশরাফ হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল সোহেল নিহত হন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মোমিন সরকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে ৩ নম্বর আসামি করা হয় আরিফুর রহমানকে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আইন সবার জন্যই সমান। আমরা আসামিদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’