হত্যা মামলায় ছাত্রের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদকারী ভাইকে হত্যার দায়ে বখাটে মাদ্রাসাছাত্র মাহমুদ হাসান ওরফে হাফিজকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকিবুল ইসলাম গতকাল বুধবার দুপুরে ওই আদেশ দেন।
মাহমুদ হাসান ঝালকাঠির গুয়াটন এলাকার মাওলানা আবদুস সোবাহানের ছেলে। তিনি বরিশাল নগরের কাশিপুর দিঘিরপাড় এলাকার মাদ্রাসার ছাত্র ছিলেন।
এ ছাড়া ওই মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. সোলায়মান, মো. নাজমুল, মো. মাইদুল, মো. সাহিদুল ও মো. জাহিদুল।
আদালত সূত্র জানায়, কাশিপুর দিঘিরপাড় এলাকার মাদ্রাসার পাশের বাসিন্দা হানিফ হাওলাদারের দুই কন্যাকে উত্ত্যক্ত করতেন মাহমুদ হাসান। বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন ভাই আল-আমিন। এতে মাহমুদ ক্ষিপ্ত হয়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর আল-আমিনকে গলা কেটে হত্যা করেন। ওই ঘটনায় আল-আমিনের মা আকলিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন মামলার পাঁচ মাস পর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। বিচারক ১২ জনের সাক্ষ্য নিয়ে গতকাল ওই রায় দেন। তবে মাহমুদ হাসান পলাতক রয়েছে।