হত্যা মামলায় ছয়জনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মণিরামপুর উপজেলার করাতকলের নৈশপ্রহরী আবু বকর (৭০) হত্যা মামলার রায়ে ছয়জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে যশোরের বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক আছেন।

সাজাপ্রাপ্ত ছয়জন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের জোহর আলী ওরফে বাবু ও কোমলপুর গ্রামের ইসাহক আলী, সদর উপজেলার মধ্য কচুয়া গ্রামের আবদুর রউফ মোল্যা ও নরেন্দ্রপুর গ্রামের শামীম, মণিরামপুর উপজেলার রতেশ্বরপুর গ্রামের রেজাউল ওরফে শাহাজান ও ঘুঘুরাইল গ্রামের মোজাম আলী।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্তরা জামিনে মুক্ত হয়ে পলাতক আছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০০ সালের ১২ মার্চ দিবাগত রাতে মণিরামপুর উপজেলার বেগারিতলা বাজারের একটি করাতকলে নৈশপ্রহরী আবু বকরকে হত্যা করা হয়। হত্যাকারীরা আবু বকরের গলায় গামছা পেঁচিয়ে ও মুখের ভেতর গামছা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় করাতকল মালিক মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আবদুস সামাদ বাদী হয়ে ১৩ মার্চ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ওই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।