হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
নীলফামারীতে একটি হত্যা মামলার রায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নীলফামারী জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আনসার আলী। সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে তিনি এ রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিঁড়াভিজা গোলনা গ্রামের ধীরেন্দ্রনাথ রায় (৪২), অমল চন্দ্র রায় (২৫), সুধন চন্দ্র শীল (৩৫), গীতা রানী রায় (৩৫), শিশুরাম রায় (৪৩) ও একই উপজেলার খুটামারা গ্রামের জিতেন্দ্রনাথ রায় (৩০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চিড়াভিজা গোলনা গ্রামের হোসেন আলীকে (৬৫) ২০০৫ সালের ২০ ডিসেম্বর রাতে একটি গ্রাম্য সালিস বৈঠকের কথা বলে আসামি শিশুরাম রায় তাঁর বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে বাড়ির অদূরে একটি বটগাছে হোসেন আলীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। জলঢাকা থানার পুলিশ লাশ উদ্ধার করে ইউডি মামলা করে ময়নাতদন্ত করায়। পরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। কিন্তু ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে নিহত হোসেন আলীর ছোট ভাই আবদুর রহমান ২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ছয়জনের বিরুদ্ধে ওই রায় দেন। মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।