হত্যা মামলায় তিন ভাই ও বোনের স্বামীকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হত্যা মামলায় তিন ভাই ও এক বোনের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার মো. ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের মো. মাসুদ, সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাঁদের এক বোনের স্বামী বরিশালের কোতোয়ালি থানার হরিণাফুলিয়া গ্রামের আনোয়ার শিকদার। রায় ঘোষণার সময় নুরে আলম ওরফে ময়না উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক।

গাজীপুর আদালতের আইনজীবী মো. হাফিজ উল্লা দর্জি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালে ১৫ এপ্রিল বিকেলে কালীগঞ্জে রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মাসুদ ও তাঁর ভাই সানাউল্লাহ। এরপর তাঁরা লাঠি দিয়ে শামসুল হককে পেটান। মারধরে তাঁদের সঙ্গে যোগ দেন নুরে আলম ও তাঁদের বোনের স্বামী আনোয়ার শিকদারও। এ সময় মাসুদ শামসুল হকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। চিৎকার শুনে শামসুল হকের স্ত্রী হাফেজা বেগম ঘটনাস্থলে ছুটে এসে সবাইকে ডাকতে থাকেন। এ সময় হামলাকারীরা শামসুল হককে রক্তাক্ত আহত অবস্থায় ফেলে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় শামসুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন হাফেজা বেগম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবুবকর সিদ্দিক তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ঘটনার ১৩ বছর পর আজ রায় হলো। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. হাফিজ উল্লা দরজি। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. সুলতান উদ্দিন।