হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের প্রতীকী ছবি
কারাগারের প্রতীকী ছবি

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডাদেশপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ইয়ার আলী, রেজাউল ইসলাম ও শফিকুল ইসলাম। এর মধ্যে রেজাউল পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ মার্চ কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামের আলম শেখ স্থানীয় বাঁশগ্রাম বাজারে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে না আসায় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। ৪ মার্চ সকালে বাগুলাট গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত আলম শেখের স্ত্রী সবুরা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। কয়েক দফায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। সর্বশেষ উপপরিদর্শক ইকরামুল হক তদন্ত করে ২০১৪ সালের ১৭ এপ্রিল আসামি ইয়ার আলী, আবদুস সাত্তার, রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম ও কাজল রেখার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিদের মধ্যে ২০১৮ সালের ৩০ মে আবদুস সাত্তার মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর পলাতক আসামি রেজাউল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কাজল রেখার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন আদালত।