হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই ভাই হলেন রেজাউল করিম ও মফিজুল ইসলাম। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম জানান, দণ্ড পাওয়া আসামিদের মধ্যে মফিজুল পলাতক রয়েছেন। আর রেজাউলকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুই আসামি আবুল কালাম আজাদ ও সরোয়ার কামালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জাহাঙ্গীর আলম বলেন, ২০০৫ সালের ১ নভেম্বর উপজেলা সদরের কলেজ রোডের দোকান কর্মচারী দিদারুল আলম খুন হন। দোকান মালিকের মেয়ের সঙ্গে দিদারুলের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে তিনি খুন হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দিদারুলের বাবা মাহমুদুর রহমান সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে দোকান মালিক জাফরের দুই ছোট ভাই রেজাউল, মফিজুলসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।