হত্যা মামলায় দুই সহোদরসহ তিন জনের যাবজ্জীবন
ফরিদপুরে একটি হত্যা মামলায় আদালত দুই সহোদরসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বারেকুজ্জামান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলার গাড়াখোলা মহল্লার দুই সহোদর হান্নান বিশ্বাস (৪০) ও পান্নান বিশ্বাস (৩৬) এবং একই উপজেলার বনমালিদিয়া গ্রামের জলিল খন্দকার (৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।আদালতের সরকারপক্ষের আইনজীবী (পিপি) মো. খসরুজ্জামান জানান, আসামিরা পূর্বশত্রুতার জের ধরে ২০০৭ সালের ৪ নভেম্বর রাত আটটার দিকে মধুখালী থেকে বাড়ি ফেরার পথে দেলমথুরা গ্রামের মোহামঞ্চদ আলীকে (৩৫) ধরে মধুখালী চিনিকলসংলগ্ন ভাটিকান্দি এলাকায় কুপিয়ে হত্যা করেন। ওই দিনই নিহত ব্যক্তির ভাই শামসুল হক বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।