হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের কৃষক শাহেদ আলী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ূন কবীর এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের কুদরত আলীর ছেলে আবদুল গফুর ও নুর বক্সের ছেলে আবদুল হেকিম। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া গফুরের ছেলে সাদেক ও সাইফুল; একই এলাকার মকবুল হোসেনের ছেলে বাচ্চু মিয়া ও আবদুস সাত্তার; মতিউর রহমানের ছেলে রুহুল আমীন; আবদুল হেকিমের ছেলে লাল মিয়া, আবদুর রশিদ ও চান মিয়া এবং হুরমুজ আলীর ছেলে আবুল কালাম।
পুলিশ জানায়, ২০০৩ সালের ১৬ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শাহেদ আলীর বাড়ি ঘেরাও করে তাঁকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন ওই আসামিরা। পরে াসপাতালে শাহেদ মারা যান। ঘটনার পরদিন মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।