হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
চট্টগ্রামে সিএনজিচালিত এক অটোরিকশা চালককে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন মো. জসিম ও ইমদাদুল হক।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর রাউজান উপজেলার নোয়াপাড়া কমলদিঘীরপাড় এলাকা থেকে অটোরিকশা চালক আরমান হোসেনের লাশ উদ্ধার করা হয়। আসামিরা অটোরিকশাটি ছিনতাই করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল আব্বাস বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ২২ সেপ্টেম্বর দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই বছরের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।