রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তাগিদ দিয়েছেন আদালত। আগামী ৩ মার্চ পুলিশকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আজ বুধবার ঢাকার বিচারিক হাকিম মো. আল আমিন এ আদেশ দেন।
আজ এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলায় সরকারি চার কর্মকর্তাসহ ১৫ জন আসামি পলাতক রয়েছেন। তাঁদের বিষয়ে আজ পুলিশ কোনো প্রতিবেদন দাখিল করেনি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির।
এই হত্যা মামলায় গত বছরের ১ জুন ২৪ জনকে পলাতক দেখিয়ে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২১ ডিসেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে নয়জন আসামি বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করেন। মামলার প্রধান আসামি সোহেল রানাসহ তাঁরা এখন কারাগারে। এই মামলায় ১৬ আসামি জামিনে আছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়।