হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার কিসমত শানতলা গ্রামের কলেজছাত্র বোরহান উদ্দিন গাজী ওরফে (১৯) মারুফ হত্যা মামলায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কিসমত শানতলা গ্রামের মৃত জয়নাল ধাবকের পাঁচ ছেলে মহির উদ্দিন ধাবক (৪৫), জহির উদ্দিন ধাবক (৪১), কহির উদ্দিন ধাবক (৩৫), দবির উদ্দিন ধাবক (৩০) ও কবির উদ্দিন ধাবক (৩৩)।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত চার ভাই জহির, দবির, মহির ও কহির আদালতে উপস্থিত ছিলেন। কবির পলাতক রয়েছেন।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এনামুল হক প্রথম আলোকে জানান, জমিজমা–সংক্রান্ত বিষয় নিয়ে কিসমত শানতলা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে মো. শওকত গাজীর সঙ্গে পার্শ্ববর্তী মৃত জয়নাল ধাবকের পাঁচ ছেলের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে কিসমত শানতলা গ্রামের গাজীর মোড়ে দবির উদ্দিন ধাবকের বাড়িতে ডেকে নিয়ে যায় শওকত গাজীর ছেলে রায়হান উদ্দিন গাজী (২৪)। সেখানে তাঁকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সংবাদ পেয়ে সিদ্দিকুর রহমান গাজীর ছেলে বোরহান উদ্দিন গাজী তাঁর ভাইকে উদ্ধার করতে যান। তখন আসামিরা তাঁকেও বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করেন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বোরহানের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরের দিন অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান।

এ ঘটনায় নিহত মারুফের চাচাতো ভাই রজব আলী গাজী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন। ২০১৪ সালের ১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে খুলনার আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অপর দুই আসামি কিশোর অপরাধী হওয়ায় তাদের বিচারকাজ চলছে যশোরের আদালতে।