হত্যা মামলায় প্রেমিকের ফাঁসি
পাবনা মানসিক হাসপাতালের সেবিকা হোসনে আরা হত্যা মামলায় প্রেমিক আরিফুল বারীকে (৪১) ফাঁসি এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক হাফিজার রহমান ওই রায় দেন।
২০১২ সালে বগুড়ার শেরপুরে প্রেমিক আরিফুল বারী শ্বাসরোধে হোসনে আরাকে হত্যা করে পালিয়ে যান। হোসনে আরা পাবনার ঈশ্বরদীর শেখপাড়া গ্রামের আবদুল মজিদের মেয়ে। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আরিফুলের বাড়ি পাবনা সদরের আটোয়া খাপাড়া মোড় এলাকায়।
বগুড়ার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্য শেষে আদালত একমাত্র আসামি আরিফুল বারীকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি আদলতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালতের নথি সূত্রে জানা যায়, ২০০২ সালে হোসনে আরা বগুড়ার শেরপুর উপজেলার উলিপুরে ব্র্যাকের চিকিৎসাকেন্দ্রে সেবিকা পদে কর্মরত ছিলেন। বগুড়া থেকে বদলি হয়ে যাওয়ার পর পাবনা সদরের ভাউডাঙ্গা গ্রামের আশরাফুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে একসময় তিনি স্বামীকে তালাক দেন। তাঁর মেয়ে আনিকা তাবাসসুমকে ভর্তি করে দেন বগুড়ার উপশহর এলাকার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলে। এদিকে একই বিদ্যালয়ে পড়ত আরিফুল বারীর মেয়ে এ্যামি। মেয়েকে স্কুলে আনা-নেওয়ার সুবাদে পরিচয় হয় আরিফুল বারীর সঙ্গে। একপর্যায়ে ওই পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে।
২০১২ সালের ২৭ মে পাবনা মানসিক হাসপাতালে অফিস করে পরের দিন সকালে হোসনে আরা মেয়েকে হোস্টেলে রাখতে বগুড়ায় আসেন। রাত পৌনে নয়টার দিকে তিনি আরিফুল বারীকে নিয়ে শেরপুর উপজেলার উলিপুরে ব্র্যাক চিকিৎসাকেন্দ্রের স্টাফ কোয়ার্টার এলাকায় আগের পরিচিত এক ব্যক্তির বাসায় যান। সেখানে হোসনে আরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত যাপন করেন। আরিফুল রাতের কোনো একসময় হোসনে আরাকে শ্বাসরোধে হত্যা করে লাশ শৌচাগারে রেখে পালিয়ে যান। ২৯ মে শেরপুর থানার পুলিশ পাবনা থেকে অভিযুক্ত আরিফুলকে আটক করে। ৩০ মে হোসনে আরার ভাই মোকাররম হোসেন বাদী হয়ে আরিফুলের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওই বছরের ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।