হত্যা মামলায় ফখরুলসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
গাড়িতে পেট্রলবোমা মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা রমনা থানার একটি মামলায় মির্জা ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক দীপক কুমার দাস ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। আগামী ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র উপস্থাপন ও শুনানি হবে।
একই দিন মিরপুর থানার দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন মহানগর হাকিম মাহবুবুর রহমান। আদালত মির্জা আব্বাসসহ পলাতক ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে রমনা থানার মামলার অভিযোগপত্রে মির্জা ফখরুলসহ ২৯ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে
পুলিশ। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, সালাহউদ্দিন আহমদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল সফিকুল ইসলাম প্রমুখ।
আদালত সূত্র জানায়, মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলসহ ১৮-দলীয় জোটের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করেন। ওই মিছিল থেকে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ও ককটেল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। এ ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে রমনা থানায় পুলিশ এ মামলাটি করে।
এ মামলার পলাতক আসামিদের মধ্যে মির্জা ফখরুল জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। চিকিৎসার জন্য বিদেশে আছেন সাদেক হোসেন খোকাও। আমান উল্লাহ অন্য মামলায় কারাগারে আছেন। সালাহউদ্দিন গত মার্চে ঢাকার একটি বাসা থেকে অপহৃত হন। পরে ভারতের শিলংয়ে তাঁকে পাওয়া যায়। তিনি সেখানেই আছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২৮টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২২টি মামলার অভিযোগ থেকে তিনি অব্যাহতি পান।