হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা কুমিল্লায় কর্মরত র্যা ব-১১-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল চন্দ্র ঘরামি হত্যা মামলায় তাঁর ভাই ও ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন নিহত অমলের বড় ভাই বিমল ঘরামি ও বিমলের স্ত্রী মণিকা ঘরামি।
মামলার বিবরণ থেকে জানা যায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে মীমাংসার কথা বলে অমলকে কুমিল্লা থেকে খবর দিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাড়িতে নিয়ে আসেন তাঁর ভাই বিমল। এরপর ২০১১ সালের ১০ এপ্রিল রাতে অমলকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তা খেতে দেন ভাই বিমল ও ভাবি মণিকা।
অমল রাতের খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে অমলকে ওই রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই অমল মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় ২৪ মে মেহেন্দীগঞ্জ থানায় অমলের স্ত্রী দিপালী দত্ত বাদী হয়ে বিমল ঘরামি, তাঁর স্ত্রী মণিকাসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মাকসুদুর রহমান ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ওই দুজনকে অভিযুক্ত করে অন্যদের মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় বিচারক ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।