হত্যা মামলায় মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে একটি হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অপর ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিশারদপুর গ্রামের আবদুল আজিজ ওরফে অজিদ। আর দুই বছর কারাদণ্ড প্রাপ্ত হলেন আজিজের ভাই আবদুল জহির। মামলার রায়ে অপর পাঁচ আসামি খালাস পেয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জমি জমা নিয়ে ছাতকের বিশারদপুর গ্রামের খোদেজা বিবির সঙ্গে বিরোধ ছিল একই গ্রামের আবদুল আজিজের। ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি রাতে খোদেজার থাকার ঘরে হামলা চালান আবদুল আজিজের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান খোদেজা বিবির মেয়ের জামাই তেরাব আলী। এ ঘটনায় পরের দিন ২২ ফেব্রুয়ারি খোদেজা বিবি বাদী হয়ে আবদুল আজিজ, আবদুল জহিরসহ সাত জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত ওই রায় ঘোষণা করেন।