হত্যা মামলায় মেয়র পদপ্রার্থী জেলহাজতে
পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন একটি খুনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সুজানগর বাজার এলাকা নন্দিতাপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের কর্মী আবু বক্কর (২৫) নিহত হন। এ ঘটনায় বক্করের বড় ভাই বাবুল হোসেন খান বাদী হয়ে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও তোফাজ্জল হোসেনসহ ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে তোফাজ্জল হোসেন পলাতক ছিলেন।আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে তিনি জেলা আমলি আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক লায়লা শারমীন মামলার নথি পর্যালোচনা শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।আত্মসমর্পণের পর তোফাজ্জল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, তিনি রাজনৈতিক হয়রানির শিকার। জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি নন, সেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই।