হত্যা মামলায় স্ত্রী ও ছেলের যাবজ্জীবন, মেয়ে খালাস
খুলনার রূপসা উপজেলায় হাজী আলতাফ হোসেন মোল্লা হত্যা মামলায় তাঁর স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও ছেলে মো. মনজুর আরফিনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন নিহত ব্যক্তির মেয়ে আফরোজা বেগম ওরফে মুক্তি (৩৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৩ মে রাতে রূপসা উপজেলার দুর্জনীমহল এলাকার বাসিন্দা আলতাফ হোসেন তাঁর নিজ বাড়িতে খুন হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজনের আলতাফ হোসেনের বাড়িতে আসেন। তাঁরা খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আলতাফ মোল্লাকে দেখতে পান। ওই সময় বাড়িতে ছিলেন নিহত ব্যক্তির স্ত্রী মমতাজ বেগম ও ছেলে মো. মনজুর আরফিন। তবে তাঁরা দাবি করেন, ঘটনা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ২৫ মে আলতাফ মোল্লার ভাতিজা মোল্লা মোজাফফর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে রূপসা থানায় হত্যা মামলা করেন। ৩ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শহিদুল ইসলাম আলতাফ মোল্লার স্ত্রী মমতাজ বেগম, ছেলে মো. মনজুর আরফিন ও মেয়ে আফরোজা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গতকাল আদালত নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন নিহত ব্যক্তির মেয়ে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন মোল্লা শ্রম অধিদপ্তরের অধীনে চাকরি করতেন। এলাকায় তিনি বেশ কিছু জমিজমার মালিক ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর সম্পত্তির অংশবিশেষ দানপত্র করেন। এর কিছুদিন পর তিনি খুন হন।