হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুঠিয়া গ্রামের কৃষক নুরুল হক হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ঈমান আলী এই রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পুঠিয়া গ্রামের ফজলুল হক (৪৮), তাঁর স্ত্রী মর্জিনা বেগম, (৪৩) ও ছেলে আবদুল মোমিন (২১) এবং একই গ্রামের আবদুল কুদ্দুস (৫৩), আবু সিদ্দিক (২৮), আমিনুর রহমান (৩৩), আশরাফুল ইসলাম (৩০), বিষা মণ্ডল (৩৩), বাবর আলী (৫০), আয়নাল হোসেন (২৮), বাবলু (৪৮), হায়দার আলী (৪৩), রেজাউল (২২) ও মো. শামছুল (৪৩)। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২৭ জুন নুরুল হকের ওপর ফজলুল হক ও তাঁর লোকজন হামলা চালান। নুরুল হককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হামলাকারীরা চলে যান। পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত নুরুল হকের ছেলে তোফায়েল আহম্মেদ থানায় ২৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।