হত্যা মামলায় ৪১ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানা, সরকারি কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ মামলায় অভিযোগ গঠন করে এই আদেশ দেন। এ ছাড়া মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আবেদন নাকচ করে দেন আদালত। আদালতে উপস্থিত আসামিদের অভিযোগের বিষয় শোনানো হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে বিচারক বলেন, এই মামলায় আসামিদের অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। মামলার এজাহার, অভিযোগপত্র এবং তদন্তে অভিযোগপত্রে সংযুক্ত কাগজপত্র পর্যালোচনায় অভিযোগ গঠন করার সুযোগ রয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। আদালত আরও বলেন, এটা ঠিক, এটি কোনো টার্গেট কিলিং (পরিকল্পিত হত্যা) নয়। তবে এটা আনন্যাচারাল ডেথ (অস্বাভাবিক মৃত্যু)। আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভবন নির্মাণ এবং ভবন ভেঙে পড়তে পারে জেনেও শ্রমিকদের কাজে আসতে বাধ্য করে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। যে কারণে ১ হাজার ১৩৪ জন পোশাকশ্রমিককে করুণ মৃত্যুবরণ করতে হয়েছে। দুই হাজারের অধিক ব্যক্তি আহত, কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। এই হতাহতের দায় কে নেবে? এই দায় আসামিদেরই নিতে হবে।
এর আগে একই ঘটনায় ইমারত নির্মাণ আইনে করা মামলায় সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে গত ১৪ জুন অভিযোগ গঠন করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটির বিচার চলছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলো। সোহেল রানাসহ ৩৮ আসামির বিরুদ্ধে হত্যা এবং সোহেল রানাকে পালাতে সহায়তা করায় তিনজনের বিরুদ্ধে ২১২ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন শামছুর রহমান, মিজানুর রহমান। আর আসামিপক্ষে ছিলেন বোরহান উদ্দিন, সানাউল্লাহ মিয়া প্রমুখ আইনজীবী।
হত্যা ও ইমারত নির্মাণ আইনে করা মামলা দুটির তদন্ত শেষে গত বছরের ২৬ এপ্রিল সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। রানা প্লাজার ধসে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন। এ মামলার আসামিদের মধ্যে ৭ জন কারাগারে, ৭ জন পলাতক ও ২৭ জন জামিনে আছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৪ জন নিহত হন। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার মানুষ। ঘটনার পরদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা হেলাল উদ্দিন বাদী হয়ে ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় সাভার থানায় একটি মামলা করেন। একই দিন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ একই থানায় আরও একটি মামলা করেন।