হত্যাকাণ্ড না সড়ক দুর্ঘটনায় মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশ থেকে স্থানীয় বিএনপির এক নেতার লাশ ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তবে নিহত আলমগীর হোসেনের (৪৫) পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে হত্যার পর লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে টহল পুলিশ উপজেলার পরকোট ইউনিয়নের ১১ নম্বর পোলের গোড়া এলাকা থেকে আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি একই ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে। নিহত আলমগীরের ছোট ভাই গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, শনিবার রাতে চাটখিল বাজার থেকে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। পথে কীভাবে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে, তা তাঁরাও বুঝে উঠতে পারছেন না। তবে লাশের গলায় ও মাথায় আঘাতের গভীর ক্ষত ছিল। কেউ মাথায় আঘাত ও গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে তাঁর ভাইকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
আলমগীরের মৃত্যুর খবরে শনিবার রাতেই পরকোট ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা আলমগীরের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে গতকাল রোববারও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আলমগীরের মৃত্যু হয়েছে—এমনটি মানতে নারাজ চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। তাঁরও দাবি, বাজার থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে আলমগীরকে হত্যা করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, রাতে থানা-পুলিশের একটি টহল দল রাস্তার পাশে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। আলমগীরের ব্যবহৃত মোটরসাইকেলও সেখানে পাওয়া যায়। মোটরসাইকেলের বিভিন্ন অংশ বাঁকানো ও ভাঙা অবস্থায় পড়ে ছিল।
ওসি বলেন, লাশ এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দেখে সড়ক দুর্ঘটনায় আলমগীরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে রাজনৈতিক কারণেই আলমগীরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চাটখিলের সাবেক সাংসদ মাহবুব উদ্দিন খোকন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।