হত্যাকাণ্ড বলে দাবি করছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। এ মৃত্যুকে হত্যা মামলা হিসেবে দায়ের করতে আদালতে নালিশি আবেদনও করা হয়েছে। এর আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছে উল্লেখ করে ওই ছাত্রীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করে রংপুর রেলওয়ে পুলিশ।
ওই কলেজছাত্রীর নাম আরিফা খাতুন (১৭)। সে নগরের তাজহাটে যক্ষ্মা হাসপাতাল-সংলগ্ন এলাকার বাসিন্দা ও রবার্টসনগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
আরিফার মা ছাবিরন নেছাসহ স্বজনেরা অভিযোগ করেন, আরিফাকে কলেজে যাওয়া-আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার মো. মিঠু (২৫) নামের এক তরুণ। এ ঘটনায় গত ২১ অক্টোবর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজ্জাক মণ্ডল একটি সালিস বৈঠক করেন। বৈঠকে মিঠুকে সতর্ক করে দেওয়া হয়। ওই দিন বিকেলে আরিফা তাজহাট কালিবাড়ি এলাকায় তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়। আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন ছাত্রীর মা ছাবিরন জানতে পারেন এক অজ্ঞাত তরুণী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। রংপুর রেলওয়ে পুলিশ বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করেছে। পরে পুলিশের সংগ্রহ করা আলামত হিসেবে মেয়েটির পরনের কাপড় দেখে মা ছাবিরন নেছা তাঁর মেয়েকে শনাক্ত করেন।
এ ঘটনায় ছাবিরন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় অভিযোগ করেন। এরপর সেই সংস্থার পক্ষ থেকে ২৬ অক্টোবর কোতোয়ালির আমলি আদালতে একটি নালিশি আবেদন করা হয়। সংস্থার আইনজীবী মুনীর চৌধুরী বলেন, হত্যা মামলা করার জন্য আদালতে নালিশি আবেদন করা হয়েছে। এ আবেদনের বাদী ছাবিরন। তিনি মিঠুসহ চারজনকে অভিযুক্ত করেছেন। আগামী ১৬ নভেম্বর ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
কাউন্সিলর রাজ্জাক মণ্ডল বলেন, সালিসের দিন থেকেই মেয়েটি নিখোঁজ। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেই মেয়ের মা আদালতে মামলার আবেদন করেছেন।
এদিকে ওই এলাকায় গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এরপর মিঠুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, লাশের পরিচয় না পাওয়ায় ঘটনার পরদিন তা বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।