বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী অজিত মোহন্ত। জবানবন্দিতে তিনি বলেছেন, জয়পুরহাটে বিভিন্ন ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, লুটপাটের মূলে ছিলেন আলীম।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অজিত মোহন্তের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে অজিত বলেন, তাঁদের বাড়ি ছিল জয়পুরহাট সদরের কড়ই সোনারপাড়া গ্রামে। একাত্তরে তিনি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধকালে ২৬ এপ্রিল বেলা ১১টা-১২টার দিকে তিনি কাদিপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গ্রামের পশ্চিম কাদিপুর থেকে গোলাগুলির শব্দ পান। পরে তিনি বাড়িতে গেলে তাঁর মা তাঁকে বলেন ছোট বোনকে নিয়ে পালিয়ে যেতে। তিনি তাঁদের পাশে হাজিপাড়া গ্রামে আলীমের অনুসারী মাওলানা জসিম উদ্দিনের বাড়ির আঙিনায় আশ্রয় নেন। এরপর বিভিন্ন জায়গায় লুকানোর পর চকপাড়া মাঠসংলগ্ন একটি কবরস্থানে আশ্রয় নেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, কবরস্থানে দীর্ঘ সময় লুকিয়ে থাকার পর সন্ধ্যার আগে গোলাগুলি বন্ধ হলে তিনি চকপাড়ার পাশের ওই মাঠে তাঁদের প্রতিবেশীসহ ২৬-২৭টি লাশ পড়ে থাকতে দেখেন। পাশেই তাঁর দাদুর গলা কাটা লাশ দেখতে পান। এ সময় সাক্ষী কেঁদে ওঠেন। পরে স্বাভাবিক হয়ে বলেন, এ ঘটনার পর তাঁরা সপরিবারে মুসলমান প্রতিবেশী আজগরের মায়ের বাড়িতে আশ্রয় নেন। রাত গভীর হলে তাঁর ছেলে আবদুর রহিম তাঁদের বাড়িতে পৌঁছে দেন। এ সময় তিনি আবদুর রহিমের মুখে শোনেন, জয়পুরহাটে বিভিন্ন ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, লুটপাটের মূলে ছিলেন আলীম। পরে সেই রাতেই তাঁরা সবাই ভারতে চলে যান। দেশ স্বাধীনের পর ফিরে এসে দেখেন, বাড়িঘর নেই, শূন্য ভিটা। পরে মুসলমানদের কাছে শোনেন, তাঁদের বাড়িঘর মুসলমানরা লুট করে। কিন্তু আলীম সেই লুটের মাল তাঁর চাতালে জমা দেওয়ার নির্দেশ দেন। জবানবন্দি শেষে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে অজিত মোহন্তকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।