হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত শুক্রবার কাকলী খাতুন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই গৃহবধূর মা সাহারা খাতুন অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে নির্যাতন করে হত্যা করার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।ওই গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনার প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় মিরপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন করে এলাকাবাসী। পরে এ ঘটনার বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে মিরপুর গোবিন্দগুনিয়া গ্রামের সাইফুল ইসলামের (২৮) সঙ্গে কাকলীর বিয়ে হয়। তবে কাকলী সাইফুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর কথা গোপন করে বিয়ে করায় প্রায়ই তাঁদের মধ্যে বাকিবতণ্ডা হতো। গত শুক্রবার বিকেল চারটায় কাকলীর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর এক ঘণ্টা আগেও কাকলীর সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। ওই দিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।নিহত কাকলীর মা সাহারা খাতুন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে সাইফুল ফোন করে তাঁর মেয়ের আত্মহত্যার খবর জানান। তাঁরা তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখতে পান তাঁর মেয়ের লাশ বাড়ির বারান্দার মেঝেতে পড়ে আছে। এ সময় তিনি মেয়ের গলায় কামড়ের ও গালে থাপড়ের দাগ দেখতে পান।সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন কাকলীর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। কাকলী খুব জেদি ছিল। এ কারণে সে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে।’অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়িতে গিয়ে বারান্দা থেকে কাকলীর লাশ উদ্ধার করে। এ সময় কাকলীর গলায় সামান্য আঁচড়ের দাগ দেখা যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার বলেন, বিতর্ক এড়াতে পুলিশ লাশের ময়নাতদন্ত করেছে।