হত্যাকাণ্ডে জড়িত একজনকে শনাক্তের দাবি ডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।
গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তি এই চারজনের একজন। একজন সাক্ষী ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন। তবে শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম সুনির্দিষ্ট করে কমিশনার বলেননি।
রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় দুর্বৃত্তরা ঢুকে গত ৭ আগস্ট নীলাদ্রিকে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী আশামণি অজ্ঞাতনামা চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া চারজন হলেন সাদ আল নাহিয়ান, মাসুদ রানা, কাউসার হোসেন খান, কামাল হোসেন সরদার। ডিবির দাবি, এই চারজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এঁদের মধ্যে নাহিয়ান ও মাসুদ রানাকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে কাউসার ও কামাল পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডের সময় নিলয়ের স্ত্রী আশামণিসহ বেশ কয়েকজনের সঙ্গে একাধিকবার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলেছেন।
তবে তদন্তকারীদের ধারণা, এই চারজনের মধ্যে নীলাদ্রি হত্যাকাণ্ড সম্পর্কে নাহিয়ানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সে জন্য তাঁকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টায় নাহিয়ানের অংশ নেওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে নীলাদ্রি হত্যার বিষয়ে তাঁর কাছে তথ্য থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।