হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বসু (৪৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১৩ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি ও সালথা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: এনামুল খায়ের, হেলাল শেখ, ফজলু মাতুব্বর, বাদল শেখ, মো. রেজাউল, মো. মাহবুব, নিশিকান্ত বিশ্বাস, সুজন শেখ, অপি শেখ, রিজু মাতুব্বর, রায়হান মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর ও বজলু মাতুব্বর।এদিকে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত ইউপি চেয়ারম্যান মলয় বসুকে গতকাল দুপুর দেড়টার দিকে আটঘরের সারুকদিয়া গ্রামের বাড়ির আঙিনায় সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় মলয়ের মরদেহ ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালের হিমঘর থেকে বাড়িতে নেওয়া হয়। এ সময় সর্বস্তরের শত শত লোক কান্নায় ভেঙে পড়ে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মলয় হত্যাকাণ্ডের ঘটনায় শতাধিক ক্ষুব্ধ লোক দুপুর ১২টার দিকে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। তারা মলয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার ফাঁসির দাবি করে মিছিল করে। ওই দুই নেতা হলেন, নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোট্টি ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইমামুর হোসেন এবং আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বকুল মাতুব্বর। এ সময় ক্ষুব্ধ লোকজন ঘাঘর গ্রামের কাশেম মোল্লা এবং তাঁর দুই ছেলে হাশেম মোল্লা ও সাত্তার মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে ওই সব বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। আগুনে আটটি ঘর পুড়ে যায়। এরপর ক্ষুব্ধ লোকজন গোবিন্দপুর গ্রামে বকুল মাতুব্বর ও আলেপ মাতুব্বরের দুটি পাটকাঠির গাদায় অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আওয়ামী লীগের সাবেক নেতা ইমামুর হোসেন দাবি করেন, মলয় হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। মলয়ের হত্যাকাণ্ডে ব্যবহূত নছিমন চালক সন্দেহে গতকাল সকালে সারুকদিয়া বাজারে ওমর শেখ (৩০) নামের এক নছিমন চালককে এলাকাবাসী আটক করে বেদম পেটায়। তাঁর বাড়ি কানাইপুর ইউনিয়নের কাসেমাবাদে। ওমরের দাবি, মলয় হত্যাকাণ্ডে তাঁর নছিমন ব্যবহূত হয়নি। এদিকে মলয় হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাত সাড়ে সাতটা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানায় কোনো মামলা হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মলয় বসুর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সালথা ও কোতোয়ালি থানার পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। আপাতত তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলার মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিন দিনের শোক: মলয় হত্যাকাণ্ডের ঘটনায় সালথা উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোকসভা।