হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে: ডিবি
পুলিশের সাবেক কর্মকর্তা ফজলুল করিম হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন এই দাবি করেছেন।
খুন হওয়ার ৩৬ ঘণ্টার মাথায় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রামপুরা থানায় হত্যা মামলা হয়েছে। নিহত ফজলুল করিমের জামাতা আইনজীবী মকিমউদ্দিন খান জাহান আলী বাদী হয়ে এই মামলা করেন।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। রামপুরা থানা সূত্র জানায়, মামলায় অজ্ঞাতনামা তিন অস্ত্রধারীকে আসামি করা হয়েছে। তবে এজাহারে হত্যাকাণ্ডের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামানকে। ওয়াহিদুজ্জামান জানান, গতকাল রাতেই মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন, ২০০০ সালে ফজলুল করিম ডিবি কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত করেছেন। রামপুরা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এ ছাড়া মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে ফজলুল করিমের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর চাচাতো ভাইয়ের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে।
মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর আলম মাতুব্বর প্রথম আলো ডটকমকে বলেন, ফজলুল করিমের গাড়িচালক লিটন জিজ্ঞাসাবাদে বলেছেন, হত্যাকারীদের সামনে আনা হলে তিনি তাঁদের শনাক্ত করতে পারবেন। কম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশাবাদী।
গত বৃহস্পতিবার সকালে তিনজন অস্ত্রধারী রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের তিনতলার বাসায় ঢুকে স্ত্রীকে জিম্মি করার পর ফজলুল করিমকে গুলি করে হত্যা করে।