হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থেকে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এদিকে এই তিনটি হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, একই ব্যক্তিরা ওই তিনজনকে হত্যা করেছে।পুলিশ জানায়, লাশ উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। শ্রীনগর উপজেলার শ্রীধরপুর সড়কের ঢাল থেকে রাঢ়ী মাসুদের লাশ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) আবু হানিফ। সিরাজদিখান উপজেলায় বাসাইল ইউনিয়নের সড়কের পাশ থেকে কুদ্দুস বেপারীর লাশ উদ্ধারের ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছেন এসআই আবদুস সালাম। অন্যদিকে রশুনিয়া ইউনিয়নের সড়কের ঢাল থেকে মো. ইব্রাহীমের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা মো. খোরশেদ আলম একই থানায় মামলা করেছেন।তিনটি মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের অজ্ঞাতনামা স্থানে গুলি করে হত্যার পর গুম করার জন্য লাশগুলো এসব জায়গায় ফেলে গেছে।পুলিশ জানায়, থানায় মামলার আগে ইব্রাহীমের পরিচয় পাওয়া যায়। তাই এই মামলার বাদী হয়েছেন তাঁর বাবা। আর পুলিশ মামলা করার পর মাসুদ ও কুদ্দুসের পরিচয় পাওয়া যায়।মামলার তদন্ত কর্মকর্তারা জানান, রাঢ়ী মাসুদের স্ত্রী গত ১৪ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, গত ১০ জানুয়ারি নাজমুল নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে একই সঙ্গে বাড়ি থেকে পোস্তগোলার উদ্দেশে বের হন মাসুদ ও কুদ্দুস। এরপর তাঁরা নিখোঁজ হন। একসঙ্গে নিখোঁজ হওয়ার কারণে তাঁরা নিশ্চিত যে একই ব্যক্তিরা তাঁদের হত্যা করেছে। এ ছাড়া হত্যাকাণ্ডের ধরনও একই রকমের। আবার নতুন গামছা দিয়ে তাঁদের চোখ বাঁধা ছিল।নিহত কুদ্দুসের ভাতিজা আবু রায়হান জানান, কুদ্দুস তাঁর দ্বিতীয় স্ত্রী ডলি বেগমকে নিয়ে রাঢ়ী মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন। পাশের আরেক বাড়িতে থাকে কুদ্দুসের প্রথম স্ত্রী সোহাদা বেগম তিন সন্তানকে নিয়ে থাকেন। গত ১০ জানুয়ারি রাঢ়ী মাসুদ কুদ্দুস বেপারীকে ডেকে নিয়ে যাওয়ায় নিখোঁজের ঘটনায় তাঁরা রাঢ়ী মাসুদকে সন্দেহ করে আসছিলেন। কিন্তু তাঁদের দুজনের লাশ পাওয়া যাওয়ায় তাঁদের ওই সন্দেহ কেটে গেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, এ সম্পর্কে এই মুহূর্তে তাঁরা কিছু বলতে পারছেন না।ময়নাতদন্ত শেষে নিহত তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনের লাশই গত শুক্রবার দাফন করা হয়েছে।শ্রীনগর উপজেলার শ্রীধরপুরের যে স্থানে রাঢ়ী মাসুদের লাশ পড়ে ছিল, সেখানে গিয়ে দেখা যায়, রক্তের এখনো দাগ আছে। শ্যামচরণ দাস নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, তাঁরা কোনো গুলির শব্দ শুনতে পাননি।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে। রাঢ়ী মাসুদ ও কুদ্দুসের লাশ দুই জায়গায় পাওয়া গেলেও হত্যাকারীরা যে একই, তার প্রমাণ হচ্ছে, তারা একই দিন একই সঙ্গে নিখোঁজ হয়েছে।সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে হত্যাকারীরা অন্য কোনো স্থানে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ইব্রাহীম কিলার গ্রুপের সদস্য। তাঁর লাশের সঙ্গে অন্যদের লাশ পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে তাঁরাও সংশ্লিষ্ট কেউ।গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার পৃথক তিনটি স্থান থেকে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।