খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার কামাকুছড়ার প্রণয় কার্বারিপাড়ায় গুলিতে দুই যুবক নিহতের ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে। গতকাল শুক্রবার সকালে ঘটনায় নিখোঁজ থাকা মারিশ্যা তালুকদারপাড়া গ্রামের মুকুল চাকমা (৪৫) ও উপজেলার নৌকাছড়া গ্রামের বিমল চাকমার (১৭) সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ দুই ব্যক্তি জানিয়েছেন ঘটনার পর তাঁরা প্রাণের ভয়ে পালিয়ে পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে রমেশ চাকমার লাশ তাঁর পিতা বাবুল তালুকদার প্রকাশ ধল্যা চাকমার কাছে ও বৈঠ্যাং খিয়াংয়ের লাশ ইউপিডিএফের নেতা জনপ্রিয় চাকমার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়নি।দুই যুবক হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) পক্ষকে দায়ী ও আঞ্চলিক পরিষদ থেকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে অপসারণ এবং আঞ্চলিক পরিষদে খাদ্যশস্য বরাদ্দ বন্ধের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গতকাল শুক্রবার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।বিক্ষোভ মিছিল শেষে উপজেলার লারমা স্কোয়ারে ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রেমিন চাকমা, জেলা সহসভাপতি শান্তবীর চাকমা, উপজেলা শাখার সহসভাপতি জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি রজেন্টু চাকমা প্রমুখ।ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা জানান, গুলিতে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত দুজনের মধ্যে একজন বান্দরবান সদর থানার গুংগুরু পাড়ার চিংচাউ খিয়াংয়ের ছেলে বৈঠাং খিয়াং (১৮), অপরজন দীঘিনালার নৌকাছড়া গ্রামের বাবুল তালুকদার প্রকাশ ধল্যা চাকমার ছেলে রমেশ চাকমা (১৮)। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ঘটনার সঙ্গে জেএসএস (সন্তু) পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্ত শেষে একজনের পরিবার ও সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।