হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বাবার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মীম (৫) হত্যা মামলার দুই মাস পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুটির বাবা মনির হোসেন। গতকাল রোববার বিকেলে তিনি ওই জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে তিনি ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৫ মার্চ নিজ শিশুকন্যাকে হত্যার পর মীমকে কেউ হত্যা করেছে দাবি করে মনির হোসেন নিজে বাদী হয়ে ওই মিথ্যা মামলা দায়ের করেন।
জবানবন্দিতে জিমখানা এলাকার মনির হোসেন উল্লেখ করেন, তাঁর স্ত্রী মুক্তা তিন মাস আগে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে মেয়ে মীমকে নিয়ে তিনি অনেক কষ্টে দিনযাপন করছিলেন। ঘটনার দিন মীম অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসে। এ সময় তিনি শিশুটিকে প্রথমে চড় দেন, এরপর গলা টিপে ধরেন। মুহূর্তের মধ্যে মীম ঢলে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটি মারা গেছে বলে জানান। পরে মনির ১৫ মার্চ সকালে পাশের বাসায় পাকিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখে ফিরে এসে মেয়েকে মৃত অবস্থায় পেয়েছেন বলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মনির হোসেন আরও বলেন, স্ত্রী মুক্তার সঙ্গে জিদ করেই তিনি মেয়েকে মেরে ফেলেছেন।
এদিকে নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মামলাটির তদন্ত শেষে নিশ্চিত হন, মনির হোসেন মীমকে গলা টিপে হত্যা করেছেন। এর ভিত্তিতে শনিবার ভোররাতে জিমখানার নিজ বাসা থেকে মনিরকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।