হত্যাকাণ্ডের দেড় বছর পর কঙ্কাল উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকা থেকে হত্যাকাণ্ডের দেড় বছর পর গতকাল শুক্রবার এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নান্নু শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নান্নু শেখের বাড়ি মাদারীপুর সদর থানার পাচখোলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানার পাচখোলা গ্রামের নান্নু শেখের স্ত্রী চার সন্তানের মা রেবা বেগম (৪০) পাশের গ্রামের বোরহান খালাসির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত বছরের প্রথম দিকে বোরহান খালাসির সঙ্গে রেবা পালিয়ে গাজীপুর চলে আসেন। তাঁরা গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকায় একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। গাজীপুরে তাঁরা দুজনেই দিনমজুরি করতেন। কিছুদিন পর তাঁদের মধ্যে কলহ বাধলে রেবা তাঁর স্বামী নান্নু শেখকে খবর দেন যে তাঁরা গাজীপুরের সালনায় বসবাস করছেন। তাঁকে গাজীপুর থেকে নিয়ে যাওয়ার জন্য নান্নুকে গাজীপুর আসতে বলেন। নান্নু শেখ সহযোগীদের নিয়ে গত বছরের ২৮ এপ্রিল রাতে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার ওই বাড়িতে আসেন। এ সময় কৌশলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে বোরহান খালাসিকে হত্যা করেন নান্নু শেখ। হত্যার পর বোরহান খালাসির বুকে-পিঠে ইট ও ইটের খোয়াভর্তি বস্তা বেঁধে পাশের পরিত্যক্ত ডোবায় ফেলে রাখেন। ওই রাতেই নান্নু শেখ ও রেবা পালিয়ে যান।
জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম বলেন, প্রায় দেড় বছর পর নান্নু শেখ গ্রামের বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে তাঁর স্ত্রী রেবা ও বোরহান খালাসির সন্ধান চান। স্থানীয় লোকজন তাঁকে মারধর করলে তিনি বোরহান খালাসিকে হত্যা করার কথা স্বীকার করেন। স্থানীয় লোকজন তাঁকে মাদারীপুর পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায়। নিহত বোরহান খালাসির ভাগিনা আমিনুল ইসলাম গত ১১ অক্টোবর গাজীপুর আদালতে মামলা করেন। পুলিশ আদালতের মাধ্যমে নান্নু শেখকে মাদারীপুর থেকে গাজীপুরে নিয়ে আসে এবং এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। রিমান্ডে পুলিশের কাছেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নান্নু শেখ। গতকাল পুলিশ তাঁকে নিয়ে দক্ষিণ সালনা এলাকার ফজলুল হকের বাড়ি-সংলগ্ন পরিত্যক্ত পুকুর সেচে কাদার মধ্য থেকে কঙ্কাল উদ্ধার করে।