হত্যাকাণ্ডের প্রতিবাদে দুর্গোৎসব বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের মনোরঞ্জন সিকদারবাড়ির পূজামণ্ডপে ৪৫ বছর ধরে দুর্গোৎসব হচ্ছে। কিন্তু আড়াই মাস আগে ওই পূজামণ্ডপের সাধারণ সম্পাদককে হত্যার প্রতিবাদে এ বছর মণ্ডপে পূজা হবে না।
মনোরঞ্জন সিকদারবাড়ি পূজা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন সিকদার বলেন, গত ২৩ জুলাই রাতে কমিটির সাধারণ সম্পাদক অশোতমা মিস্ত্রী ওরফে অশোক (৪০) বিশেষ কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর ছোট ভাই রিপন চন্দ্র মিস্ত্রী বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৯ জুলাই সন্ধ্যার দিকে অশোকের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কর্পূরকাঠী-শৌলা খালের হাঁসেরচর এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রায় আড়াই মাস পার হলেও অশোকের খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই সবার সম্মতিক্রমে খুনের রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শারদীয় দুর্গোৎসবসহ সব ধরনের সর্বজনীন ধর্মীয় উৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্পূরকাঠী গ্রামের বাসিন্দারা বলেন, গ্রামের সবাই জানেন কে খুনের মদদদাতা আর কারা খুন করেছে। অথচ খুনের কোনো কিনারাই করতে পারেনি পুলিশ।
কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ বলেন, প্রয়াত সাবেক মন্ত্রী মনোরঞ্জন সিকদারবাড়ির (যুক্তফ্রন্ট) পূজা উদ্যাপন কমিটির লোকজনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাঁরা পূজা উদ্যাপনে আগ্রহী হননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বলেন, ওই এলাকায় পূজা হবে না এটা তাঁরা শেষ মুহূর্তে জেনেছেন। হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।