হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
ধর্মীয় সংখ্যালঘুসহ অন্যান্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে রংপুরে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। একই দাবিতে গতকাল নীলফামারীতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।
‘জাগো রংপুর’ সংগঠনের আয়োজনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের প্রধান সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সদস্যসচিব সৈয়দ মামুনুর রহমান। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মাজিরুল ইসলাম, বাসদের আহ্বায়ক আবদুল কুদ্দুস, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরী, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী প্রমুখ।
এদিকে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা। গতকাল বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিপিবি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ও রামকৃঞ্চ মিশন নীলফামারী জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়। বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকারাম রায়, সদস্য গৌরাঙ্গ চন্দ্র সরকার, নরেশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, সভাপতিমণ্ডলীর সদস্য উত্তম কুমার রায়, দপ্তর সম্পাদক পরিতোষ কুমার রায় প্রমুখ।
সিপিবির সভাপতি শ্রীদাম দাস বলেন, প্রধানমন্ত্রী যদি প্রকৃত খুনিদের পরিচয় জানেন, তা হলে কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। কেন তাদের ধরতে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছেন, আপনাদের এই রাজনীতি দেখতে চাই না। আমরা চাই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক।’