হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন র‍্যাবের আরেক সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর সদস্য আসাদুজ্জামান আদালতে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে পৃথক দুটি মামলায় এ জবানবন্দি দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, আজ দুপুরে কঠোর গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সিপাহী আসাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তিনি সাতজনকে অপহরণের পর থেকে শুরু করে হত্যার পর লাশ কীভাবে গুম করা হয়, সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের ২০ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ র‌্যাবের ১৮ জন সদস্যসহ মোট ২০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর র‌্যাবের ১৩ সদস্যসহ মোট ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল ও ১ মে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে। ওই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আর নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের বড় মেয়ের জামাতা বিজয় কুমার পাল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপর একটি মামলা করেন।