কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল চারটায় ওচমান গণির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এলাকায় নেতাশূন্য করার পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওচমান গণিকে হত্যা করা হয়েছে। কিন্তু আলোচিত হত্যার ঘটনার এক বছর পেরিয়ে গেলেও অনেক আসামি এখনো ধরা পড়েনি। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের (চকরিয়া-পেকুয়া) দায়িত্বপ্রাপ্ত নারী সাংসদ সাফিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।গত বছর ২৯ মার্চ রাতে সন্ত্রাসীরা গুলি করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওচমান গণিকে হত্যা করে।