হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া পর্যন্ত কান্না নিয়ে কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে সব ধরনের সহায়তা করার কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যতক্ষণ এই হত্যাকাণ্ডের সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত চোখে পানি নিয়ে কাজ করে যাব।’বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনবিএ) পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করতে সরকার চেষ্টা চালাচ্ছে। যতক্ষণ না এই রহস্য উদ্ঘাটিত হয়, তত দিন পর্যন্ত এই কাজ চলবে। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে মুক্ত গণমাধ্যম দরকার।অনুষ্ঠানের আরেক অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশ পেয়েছি। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’অন্যান্যের মধ্যে এনবিএর সভাপতি মিঠুন মোস্তাফিজ অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেশের বেসরকারি টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপকদের উপস্থিতিতে সেখানে মিলনমেলা সৃষ্টি হয়।