
১৫ আগস্টের হত্যাকাণ্ডের ২০ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রথম জানতে পারেন, তাঁদের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা বেঁচে নেই। বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এ কথা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকেই তিনি খবরটি পান।
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা জার্মানি থেকে দিল্লি পৌঁছলাম ২৪ আগস্ট। ইন্দিরা গান্ধী বারবার খবর পাঠাচ্ছিলেন। তাঁর সঙ্গে দেখা হলো ৪ সেপ্টেম্বর। তাঁর মুখ থেকে শুনলাম, কেউ বেঁচে নেই।’
১৫ আগস্টের পরের দিনগুলোর স্মৃতিচারণার সময় বারবারই গলা ধরে আসছিল প্রধানমন্ত্রীর। এ সময় পুরো মিলনায়তনে ছিল পিনপতন নীরবতা। চোখের জল মুছতে দেখা যায় অনেককেই।
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা ও ছোট মেয়ে শেখ রেহানা ওই হত্যাকাণ্ডের ১৫ দিন আগে শেখ হাসিনার স্বামীর কর্মস্থল জার্মানিতে চলে যাওয়ায় প্রাণে বেঁচে যান।
স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাত্র ১৫ দিন আগে জার্মানি যাই। ড. ওয়াজেদ ছাত্র ছিলেন। উনি চাচ্ছিলেন, আমি সেখানে যাই। একপর্যায়ে আব্বা নিজেই বলেছিলেন, আচ্ছা, যাও। অনেকটা দ্বিধাদ্বন্দ্বে দেশ ছাড়ি। রেহানাকেও সঙ্গে নিয়ে যাই। আমার মা যাওয়ার সময় আকুল হয়ে কেঁদেছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না, যাওয়ার দিন কেন আমার মা এভাবে কেঁদেছিলেন। মাকে আমি কখনো এভাবে কাঁদতে দেখিনি। আমার মা খুব চাপা স্বভাবের ছিলেন, তিনি কখনো তাঁর অভাব-অভিযোগের কথা বলতেন না। যাওয়ার সময় তাঁকে এভাবে আকুল হয়ে কাঁদতে দেখে বললাম, মা, তুমি এভাবে কাঁদলে আমি যাব না। আমি জানি না, তিনি কিছু বুঝতে পেরেছিলেন কি না।’
শেখ হাসিনা বলেন, ‘১৩ আগস্ট মা ও বাবার সঙ্গে আমার নেদারল্যান্ডস থেকে শেষ কথা হয়। এ সময় নেদারল্যান্ডস কীভাবে নদী থেকে জমি উদ্ধার করছে (ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট), এ বিষয়ে আমাদের কথা হয়।’
মায়ের সঙ্গে সেদিন টেলিফোনে শেষ কথার সময়ও মা খুব কেঁদেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেদিনও তিনি খুব কেঁদেছিলেন। বলেছিলেন, তুই আয়, তোর সঙ্গে অনেক কথা আছে। আর সে কথা হয়নি।’
আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে দেশে ফেরার চিন্তা করছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তারপর মনে হলো দেশে আসব। কিন্তু ততক্ষণে যারা সরকারে এসেছে, তারা আমাদেরকে দেশে ফিরতে দেবে না। এরপর ক্ষমতায় আসলো জিয়াউর রহমান। তিনিও খবর পাঠালেন, যেন আমরা কেউ দেশে ফিরতে না পারি। পরে আমরা সেখানেই আশ্রয় নিয়ে থেকে গেলাম।’
ছয়টি বছর বলতে গেলে একরকম ভারতেই ছিলেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মাঝে ছোট বোন শেখ রেহানার বিয়ে হয়। আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান এই বিয়ে আগেই ঠিক করে রেখেছিলেন। লন্ডন থেকে শেখ রেহানার শ্বশুর-শাশুড়ি এসে নিয়ে যান রেহানাকে। আমি পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। অথচ আমিই তার বিয়েতে যেতে পারিনি। কারণ, আমার কাছে বিমান ভাড়া ছিল না। পরে ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী আবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি লন্ডনে যাওয়ার টিকিট আর আবাসনের ব্যবস্থা করে দেন।’ এরপর সন্তানসম্ভবা বোনকে দেখতে লন্ডনে যান বলে জানান শেখ হাসিনা।
দেশে ফেরার পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে তাঁকে যেতে দেওয়া হয়নি বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেখানে যেতে চেয়েছিলাম, একটু মিলাদ পড়বো। কিন্তু ওই বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। বাইরেই রাস্তায় বসে মিলাদ পড়ে চলে আসি।’
পঁচাত্তরের স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি বাবা-মা, ভাই আত্মীয়-পরিজনকে। বাঙালি হারিয়েছে মহান নেতাকে, জাতির ভবিষ্যৎকে। ঘাতকের নির্মম বুলেট কত তাজা প্রাণ কেড়ে নিয়েছে। যাঁর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, তাঁকে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে। শ্রদ্ধা জানাই তাঁর প্রতি।’
আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, কষ্টের মধ্যে আমাদের আঘাত করতে সেজে-গুজে তিনি এ দিনটিতে ভুয়া জন্মদিনের উৎসব করতেন। তাঁর জন্মদিন ১৫ আগস্ট নয়। খুনিদের বোঝাতেন, তিনি তাদের সঙ্গে আছেন।’
এবার জন্মদিন পালনে খালেদা জিয়ার বিরতি দেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল সেটা পালন করেননি। অনেকে এর মধ্যে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টা করেছেন। আমি তো জানি মূল কারণ। ১২ আগস্ট কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারবেন না বলে নিজের জন্মদিন পালন করেননি। তা ছাড়া এটা তো তাঁর জন্মদিন নয়। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতেই শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সভায় অন্যদের মধ্যে দলের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রমুখ বক্তব্য দেন।
সভায় ১৫ আগস্ট নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। এ ছাড়া প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের লেখা ‘৩২ নম্বর মেঘের ওপারে’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।