হত্যাকাণ্ডের ৫০ দিন পর খণ্ডিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ৭
কুমিল্লা নগরের একটি ডোবা থেকে ৫০ দিন আগে খুন হওয়া তোতা মিয়া (১৮) নামের এক তরুণের খণ্ডিত লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার নগরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড়ের ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবির ওসি মনিরুল ইসলাম বলেন, কোরবানির গরু নিয়ে তোতা মিয়ার সঙ্গে ফুল মিয়ার ঝামেলা হয়। এরপর ফুল মিয়ার ভাড়াটে লোকজন গত ৩ অক্টোবর বিকেল থেকে ৪ অক্টোবর সকালের মধ্যে কোনো এক সময় তোতাকে আজাদ মিয়ার বাড়ির বরইগাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে লাশটি পাশের ডোবায় ফেলে দেয়। নিহত তোতার বাড়ি আদর্শ সদর উপজেলার শরীফপুর গ্রামে। তাঁর বাবার নাম মনা মিয়া। পুলিশ ঘটনা জানতে পেরে তদন্ত শুরু করে।
ওসি মনিরুল ইসলাম বলেন, তদন্তে দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার মৃত মানিক চৌধুরীর ছেলে জুম্মানের (২৮) নাম পাওয়া যায়। গত শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের দ্বিতীয় মুরাদপুর এলাকা থেকে আজাদ রহমান (২৮), তাঁর ছেলে রিপন, সৈকত ও আরও তিন ব্যক্তি অপু, ইমরান ও ফুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।