হত্যাকারী দুই যুবক শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আরামবাগে ব্যস্ত সড়কে ঠিকাদার সুলতান আহমেদকে গুলি করে হত্যা করা দুই যুবককে গতকাল শুক্রবার পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ৷ এ হত্যার কারণ সম্পর্কেও তারা নিশ্চিত হতে পারেনি৷ তবে তাদের ধারণা, ওই দুই যুবক ভাড়াটে খুনি৷
নিহত সুলতানের পরিবার এ হত্যাকাণ্ডের কারণ পূর্বশত্রুতা বলে মনে করছে৷ তবে পুলিশ বলছে, তারা সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখছে৷
গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আরামবাগের ব্যস্ত কালভার্ট সড়কে মকবুল প্লাজার সামনে দুই যুবক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও এসএএসআই প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সুলতানকে গুলি করে হত্যা করে। এ হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মতিঝিল থানায় কোনো মামলা হয়নি৷
এ বিষয়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহা. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে৷ এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বলার মতো আর কোনো তথ্য আপাতত নেই।
সুলতানের ঘনিষ্ঠজনেরা জানান, দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় আফজাল হোসেন নামের এক ব্যক্তির লোকজন ২০১১ সালে সুলতান আহমেদকে কমলাপুর থেকে অপহরণ করেছিল৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করে। ওই ঘটনায় করা মামলায় সুলতান সম্প্রতি সাক্ষ্য দিতে গেলে আদালত এলাকায় আফজাল তাঁকে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন৷
সুলতানের চাচাত ভাই ফরিদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ দেশে ১৬ কোটি মানুষ আছে। আফজালই একমাত্র সুলতানের শত্রু, আর কেউ না।’ তিনি বলেন, ‘পরিবারের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা থানায় লিখিত অভিযোগ দেব।’ অভিযোগের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে আফজালের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সুলতানের স্ত্রী হাসিনা আফরোজ স্বামীর এমন মৃত্যুতে পাগলপ্রায়৷ তাঁদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে মেহেদী হাসান অষ্টম শ্রেণি এবং দুই যমজ মেয়ে রাইফা ও রাইমা পড়ে চতুর্থ শ্রেণিতে।
সুলতানের স্বজনেরা জানান, সুলতানের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর গ্রামে৷ বৃহস্পতিবার রাতে সেখানে সুলতানের লাশ দাফন করা হয়।