হত্যাকারী সন্দেহে গণপিটুনির শিকার দুই ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগের নেতাসহ দুই ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনির শিকার দুজন মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন, রবিউল ইসলাম (৩০) ও ফোরকান আলী (২৭)। এ ছাড়া ওই রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আকবর হাওলাদার (২৫) ও জাহিদ শেখ (২৫) নামের আরও দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। আটক ব্যক্তিদের বাড়ি খুলনা সিটি করপোরেশনের খানজাহান আলী থানার এজাক্স জুট মিলস ও বালুর মাঠ এলাকায়।এদিকে গণপিটুনি ও যুবলীগের নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় গতকাল মোরেলগঞ্জ থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের পাঁজাখোলা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির মৃধা (৪২) ও তাঁর চিংড়িঘেরের কর্মচারী আলম চাপরাশিকে (৪৩) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর পর গ্রামবাসী প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে হত্যাকারী সন্দেহে রবিউল ও ফোরকানকে আটক করে বেধড়ক পিটুনি দেয় এবং চোখ রক্তাক্ত জখম করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ওই দিনই রাত ১০টার দিকে পার্শ্ববর্তী ঠাকুরাইনতলা গ্রাম থেকে আকবরকে এবং রাত তিনটার দিকে পশ্চিম জিউধরা গ্রাম থেকে জাহিদ শেখকে আটক করে গণপিটুনী দেয় এলাকাবাসী। এতে আকবর গুরুতর আহত হন। চোখে রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্রামবাসী ও নিহত মনির মৃধার পরিবার সূত্রের দাবি, বৃহস্পতিবার সকালে মনিরের চিংড়িঘেরের ভেতরে সিদ্দিকুর রহমান হাওলাদার নামের এক ব্যক্তি লোকজন নিয়ে তাঁর জমিতে মাটি কাটতে যান। এতে বাধা দিলে মনিরের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মনির সিদ্দিকুরের স্ত্রী মরিয়মকে চড় মারেন। এ সময় মরিয়ম তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। গ্রামবাসীর হাতে আটক রবিউল ও জাহিদ মরিয়মের আপন খালাতো ভাই। তাঁদের খুলনা থেকে ডেকে আনা হয়। ঘটনার পর থেকে সিদ্দিকুর সপরিবারে আত্মগোপন করেছেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, যুবলীগের নেতা মনির ও তাঁর কর্মচারীকে হত্যায় ব্যবহূত দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাটি কাটার ওই ঘটনা নিয়েই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলিতে নিহত আলম চাপরাশির ছেলে হাসান চাপরাশি বাদী হয়ে সিদ্দিকুর ও তাঁর স্ত্রী মরিয়মসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে দুটি এবং গণপিটুনিতে দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় তিন শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে। আটক জাহিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিদ্দিকুর ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।