বগুড়ায় পর্যটন মোটেলে খুন হওয়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী কণার (২০) হত্যাকারীকে খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার তাঁর সহপাঠীরা কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেছেন।
এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় মামলা হয়নি। বগুড়া শহরতলির বনানী এলাকায় পর্যটন করপোরেশনের মোটেলের একটি কক্ষ থেকে গত শনিবার কণার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, প্রেমের ফাঁদে ফেলে কণাকে মোটেলে এনে ধর্ষণের পর হত্যা করে তাঁর প্রেমিক পালিয়েছেন।
তবে মোটেলে কণার স্বামী পরিচয়দানকারী তরুণের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী এলাকা থেকে সজল হোসেন নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল সকালে কণার হত্যাকারীকে খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁর সহপাঠীরা কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেন। কলেজের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।