হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল বাকি মির্জার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার ধর্মঘট পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সদরসহ উপজেলা পর্যায়ের সব ওষুধের দোকান বন্ধ ছিল। সমিতির সিরাজগঞ্জ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি মোতাহারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক আবদুল বাকি মির্জার হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য চিকিৎসকেরা কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন। আমরা তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দুই ঘণ্টা দোকান বন্ধ রেখেছি। প্রয়োজনে নতুন কর্মসূচি দেওয়া হবে।’এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ শাখার সভাপতি জহুরুল হক রাজা জানান, বাকি মির্জার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আজ রোববার জেনারেল হাসপাতাল চত্বরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গতকাল চিকিৎসকেরা সবাই পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন। তিনি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করেছেন।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।