হত্যাকারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাওদা হত্যা
সাওদা হত্যা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিনেট সভায় হত্যাকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাসেল মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।সাওদার পরিবার ও পুলিশ সূত্র জানায়, সাওদার মা শাহিদা বেগম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মো. রাসেল মাতুব্বরকে প্রধান আসামি করে ওই রাতেই মামলা করেছেন। মামলায় আরও অন্তত তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতেই উপাচার্য মো. হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি বৈঠকে অভিযুক্ত ছাত্র মো. রাসেল মাতুব্বরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। উপাচার্য প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি দুঃখজনক ঘটনা। তাঁকে বহিষ্কারের পাশাপাশি অন্য কোথাও যেন ভর্তি হতে না পারে, সে ব্যবস্থাও করা হয়েছে।পুলিশ জানায়, নগরের জর্ডন রোড এলাকায় রাসেলের মেস থেকে তারা তিনটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুট তিনটির একটি সাওদার ভগ্নিপতি ও আরেকটি সাওদার মা-বাবাকে সম্বোধন করে লেখা। তৃতীয়টিতে কাউকে সম্বোধন করা হয়নি। এসব চিরকুট হত্যাকাণ্ডের জন্য সাওদার ভগ্নিপতি, মা-বাবা ও মামাকে দায়ী করেছেন রাসেল। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে কুপিয়ে হত্যা করেন রাসেল। ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে পুলিশ হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বিপুল বাড়ৈকে গ্রেপ্তার করেছে। রাসেলকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এদিকে, ছাত্রী হত্যাকারী মো. রাসেলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল। গতকাল এক সমাবেশ থেকে এ দাবি করা হয়।