হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসাইনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন। সাজ্জাদ শহরের উকিলপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের কালীবাড়ি এলাকায় গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। এসব কর্মসূচিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ছাড়া স্থানীয়রাও অংশ নেন।
গত রোববার সন্ধ্যায় সাজ্জাদ বাসা থেকে বের হয়। কিন্তু রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে স্থানীয় লোকজন ওই দিন রাত নয়টার দিকে শহরের শোলাকিয়া এলাকায় ট্রেনে কাটা পড়া ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পেয়ে কিশোরগঞ্জ জিআরপি থানায় খবর দেন। পুলিশ রাত ১২টার দিকে তা সাজ্জাদের লাশ বলে শনাক্ত করে।