নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলাম হত্যার তিন বছর পূর্তিতে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নাট্যকার দিদারুল ইসলামকে হত্যার তিন বছরেও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাটি পুলিশ ও গোয়েন্দা পুলিশের তদন্তেই ঘুরপাক খাচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত বিষয় চাপা দিতে মূল রহস্য উন্মোচন না করেই অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবির জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।